সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়ার উদ্দেশে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি স্পষ্টভাবে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডাভোসে জেলেনস্কির সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকটিকে তিনি ‘ভালো’ হিসেবে উল্লেখ করলেও, আলোচনার নির্দিষ্ট ফলাফল নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেননি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে এটি ছিল প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ। ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবারই মার্কিন দূতরা মস্কো সফরে যাচ্ছেন।
পুতিনের জন্য তার বার্তা কী—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন, “যুদ্ধ শেষ হতে হবে।”
এর আগে বুধবার ট্রাম্প দাবি করেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা ‘খুব কাছাকাছি’ অবস্থানে রয়েছে। তবে বাস্তবে মস্কোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধে আগ্রহের কোনো সুস্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অর্থায়ন নিয়ে চুক্তির সম্ভাবনা থাকলেই তিনি ডাভোস সফরে যাবেন। তবে বৈঠক শেষে বড় ধরনের কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি।
গত বছর হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইউক্রেন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন।
এদিকে ইউক্রেনে চলমান রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ডাভোসে বৈঠক শেষে জেলেনস্কির বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তার মুখপাত্র।
অন্যদিকে, ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন, “উভয় পক্ষ যদি সমাধানে আগ্রহী হয়, তাহলে সমঝোতা সম্ভব। আমি মনে করি, আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি।”