ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সংশোধন অধ্যাদেশ জারি

সরকার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির কোনো কর্মচারী ২৫ বছর চাকরি সম্পন্ন করলে, জনস্বার্থ বিবেচনায় কর্তৃপক্ষ তাকে যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গেজেট অনুযায়ী, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৯ জানুয়ারি ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। সংশোধিত অধ্যাদেশে ‘৫৩ক’ শীর্ষক একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, কর্তৃপক্ষের সাধারণ কর্মচারীরা ৫৯ বছর এবং মুক্তিযোদ্ধা কর্মচারীরা ৬০ বছর বয়স পূর্ণ হলে নিয়মিত অবসরে যাবেন। পাশাপাশি কোনো কর্মচারী ২৫ বছর চাকরি শেষ হওয়ার পর ৩০ দিনের লিখিত নোটিশ দিয়ে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারবেন। স্বেচ্ছায় অবসরের এই সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয় হিসেবে গণ্য হবে।

অধ্যাদেশের উল্লেখযোগ্য দিক হলো— কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকার থেকে পূর্বানুমোদন নিয়ে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই তাকে অবসরে পাঠানোর ক্ষমতা পাবে কর্তৃপক্ষ।

এছাড়া সংশোধিত অধ্যাদেশে ‘৫৩খ’ ধারায় পারস্পরিক বদলির বিধান যুক্ত করা হয়েছে। এই ধারার আওতায় সরকার জনস্বার্থে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ— যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)সহ বিভিন্ন সংস্থার কর্মচারীদের মধ্যে বদলি ও পদায়ন করতে পারবে।

গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, নতুন এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Leave a Comment