পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্গম তিরাহ উপত্যকায় ভয়াবহ তুষারপাতে আটকে পড়া দেড় হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে জরুরি সেবা সংস্থা রেস্কিউ ১১২২।
শনিবার (২৪ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তুষারঝড়ে ঝুঁকিতে পড়া পরিবারগুলোকে নিরাপদ এলাকায় সরিয়ে নিতে এখনো উদ্ধার তৎপরতা চলছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারীরা টানা অভিযান চালিয়ে যাচ্ছেন।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) ওই অঞ্চলে একটি সামরিক অভিযানের প্রস্তুতির সময় বহু পরিবার এলাকা ছাড়তে গিয়ে হঠাৎ তীব্র তুষারঝড়ের মুখে পড়ে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা, পিচ্ছিল পাহাড়ি পথ ও সীমিত দৃশ্যমানতার মধ্যেও উদ্ধারকর্মীরা ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
রেস্কিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানান, তিরাহ উপত্যকার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত প্রায় ৩৫০টি যানবাহন উদ্ধার করা হয়েছে এবং ১,৫০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি তুষারপাতজনিত অসুস্থতায় আক্রান্ত শতাধিক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

