নির্মাতা মো. তৌফিকুল ইসলামে নতুন নাটক ‘জনম জনম’ নির্বাচনে মনোনয়ন নিয়ে লড়াইয়ের গল্প বলবে

জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী মনোনয়ন ঘিরে রাজনৈতিক দ্বন্দ্বের গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে নতুন নাটক ‘জনম জনম’। নাটকটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম।

নির্মাতা জানান, এই নাটকটি রাজনৈতিক রোমান্টিক থ্রিলার ধারার। তার ভাষায়, গল্পের ঘটনাপ্রবাহ দর্শকদের চমকে দেবে—কারণ রাজনীতির বাস্তবতা সব সময়ই অপ্রত্যাশিত।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে দুই উপজেলা চেয়ারম্যানকে কেন্দ্র করে। একজন বর্তমান চেয়ারম্যান, অন্যজন সাবেক। নির্বাচনে দলীয় মনোনয়ন অর্জনের জন্য তাদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিযোগিতা। এই রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই চেয়ারম্যানের সন্তানরাও, যার ফলে গল্পে তৈরি হয় টানটান উত্তেজনা ও নাটকীয় মোড়।

নাটকে দুই চেয়ারম্যানের সন্তানের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। সিএমভি প্রযোজিত এই রাজনৈতিক থ্রিলার নাটকের চিত্রনাট্য লিখেছেন রায়হান মাহামুদ।

নির্মাতা আরও বলেন, নাটকটির গল্প রাজনীতি ও সম্পর্কের জটিল বাস্তবতাকে ভিন্নভাবে তুলে ধরবে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

নিখাদ গ্রামীণ প্রেমের আবহে নির্মিত এই নাটকে ইয়াশ ও নীহার পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ আরও অনেকে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ‘জনম জনম’ নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Leave a Comment