ভৌতিক ঘরানার সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ছবিটির সাফল্য টালিউডে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়–এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ জানুয়ারি সরস্বতী পূজার দিনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভৌতিক ও কমেডির সংমিশ্রণে তৈরি এই চলচ্চিত্রটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
রহস্য, হাস্যরস এবং ভৌতিক পরিবেশে গড়া পারিবারিক বিনোদনের গল্প হওয়ায় সিনেমাটি দেখতে হলে দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রেক্ষাগৃহগুলোতে নিয়মিত হাউজফুল শো চলছে।
অরিত্র মুখার্জি পরিচালিত এই সিনেমাটি আইএমডিবিতে ১০-এর মধ্যে ৯.৪ রেটিং অর্জন করেছে। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে।
দর্শকরা সিনেমাটির গল্প, অভিনয়শিল্পীদের পারফরম্যান্স এবং নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক রিভিউ ও আলোচনা চোখে পড়ছে।
সবকিছু মিলিয়ে বলা যায়, বর্তমানে টালিউডের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি আলোচিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন ও গোধূলি শর্মা। গল্পের প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী (নন্দিনী), সোহম মজুমদার (শাওন), বনি সেনগুপ্ত (অরণ্য) এবং স্বস্তিকা দত্ত (মালিনী)।
এ ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনামিকা সাহা, উজান চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, জয়দীপ মুখোপাধ্যায়, রাজা গাঙ্গুলী, সুব্রাজিত দত্ত, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, গুলশানারা খাতুনসহ আরও অনেকে।


