লেবাননে চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর একাধিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি বাহিনী অভিযানের একটি ভিডিও প্রকাশ করে। তাদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ইসরায়েলের দাবি, অভিযানে হিজবুল্লাহর আর্টিলারি বিভাগের প্রধান মুহাম্মদ আল হুসেনিসহ অন্তত দুজন নিহত হয়েছেন। বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়।
এছাড়া অভিযানে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। সেনাদের বোমাবর্ষণে অস্ত্রাগার, অস্ত্র তৈরির স্থাপনা এবং সংশ্লিষ্ট আরও কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।


