ইসরাইলি হামলায় লেবাননে সংবাদ উপস্থাপক নিহত

দক্ষিণ লেবাননের টাইর শহরে চালানো ইসরাইলি হামলায় আল-মানার টেলিভিশনের একজন উপস্থাপক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের খবরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। নিহত ব্যক্তি হিজবুল্লাহ–সম্পৃক্ত আল-মানার টিভি চ্যানেলে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

হামলায় নিহত উপস্থাপকের নাম আলি নূর আল-দীন। তিনি সোমবার (২৬ জানুয়ারি) ইসরাইলি হামলার শিকার হন। আল-মানার টেলিভিশন জানিয়েছে, তিনি আগে চ্যানেলটিতে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে লেবাননে ইসরাইলের চলমান সামরিক হামলা এখন গণমাধ্যমকর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে। সংগঠনটি এই ঘটনাকে পরিকল্পিত ও বিশ্বাসঘাতকতামূলক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া হিজবুল্লাহ জানায়, আলি নূর আল-দীন টাইরের উপশহর আল-হাওশ এলাকায় একজন প্রধান ধর্মীয় বক্তা (খতিব) হিসেবেও দায়িত্ব পালন করতেন এবং স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন।

এদিকে ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে উল্লেখ করেন।

Leave a Comment