দক্ষিণ লেবাননের টায়র শহরে চালানো এক ইসরাইলি হামলায় এক টেলিভিশন উপস্থাপক প্রাণ হারিয়েছেন। তিনি লেবাননের আল-মানার টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (২৬ জানুয়ারি) আল-মানার টিভিতে কর্মরত উপস্থাপক আলী নুর আল-দিন নিহত হন। ওই টেলিভিশন চ্যানেলটি হিজবুল্লাহ সমর্থিত বলে পরিচিত।
আল-মানার টিভিও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, টায়রে সংঘটিত হামলায় আল-দিন নিহত হন। তিনি আগে চ্যানেলটিতে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করতেন।
হিজবুল্লাহ এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতামূলক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে, লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এ ধরনের হামলায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরাও রেহাই পাচ্ছেন না। আমরা মিডিয়ার প্রতেক্যের প্রতি সমবেদনা ও সংহতি জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই তারা যেন এসব লঙ্ঘন বন্ধে উদ্যোগ নেয় ও লেবাননে কর্মরত গণমাধ্যম পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করে।সর্বপরি,তারা যেন তাদের দায়িত্ব পালন করে।”
সাংবাদিকদের সুরক্ষা কমিটির তথ্যমতে, ২০২৩ সাল থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে, কিছু পর্যবেক্ষক সংস্থা এই সংখ্যা প্রায় ১০ জন বলে উল্লেখ করেছে।
এর আগে একই দিনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টায়রে চালানো এক বিমান হামলায় একজন নিহত হয়েছেন, যদিও তখন তার পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি, নাবাতিহ শহরের কাছের কাফার রুম্মান এলাকায় পৃথক হামলায় আরও দুইজন নিহত হওয়ার তথ্যও জানানো হয়।
পরবর্তীতে ইসরাইলি সামরিক বাহিনী আলী নুর আল-দিন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে। তারা দাবি করে, তিনি হিজবুল্লাহর সদস্য ছিলেন। এছাড়া নাবাতিহ অঞ্চলে আরও দুইজনকে আঘাত করার কথাও ইসরাইল স্বীকার করেছে।

