ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় তিনি সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এই সমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল জনসমাগম হবে বলে আশাবাদী দলীয় নেতাকর্মীরা।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের একই মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাদের পক্ষে ভোট প্রার্থনা করবেন বিএনপি চেয়ারম্যান। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। এ ছাড়া দলের ভবিষ্যৎ করণীয় ও নির্বাচনি কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, বিভাগের চার জেলা ছাড়াও মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মূল মঞ্চ নির্মাণের কাজ চলমান রয়েছে। সম্ভাব্য জনসমাগম বিবেচনায় সমাবেশস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

শরীফুল আলম আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে একটি ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় দুই দশকের বেশি সময় পর তার আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সার্কিট হাউস মাঠসহ পুরো শহরজুড়ে মানুষের ঢল নামবে বলে তাদের ধারণা। সমাবেশস্থলে বিশুদ্ধ পানির ব্যবস্থা, সিসি ক্যামেরা নজরদারি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং তারা সহযোগিতা করছে বলেও জানান তিনি।

Leave a Comment