১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আবার চালু হচ্ছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশ্যে রওনা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ১৬২ আসনের এই ফ্লাইটটি রাত ৮টায় যাত্রা করবে এবং উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাফিকুর রহমান জানিয়েছেন, টানা প্রায় তিন ঘণ্টার যাত্রা শেষে ফ্লাইটটি করাচিতে পৌঁছাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরে ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে এই রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
সরকারি অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। এই অনুমোদন প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তীতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত আকাশপথ ব্যবহার করেই পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে বিমান বাংলাদেশকে। করাচি বিমানবন্দরে ফ্লাইটটির জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য জানাতে হবে এবং নিরাপত্তা ও অপারেশনাল নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।
কর্তৃপক্ষের আশা, এই সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যে যাতায়াত ও সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।