কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন এলাকায় নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) চালু করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পৃথক সময়ে এসব বিওপি উদ্বোধন করেন। মঙ্গলবার তিনি সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফের সি-বিচ বিওপির উদ্বোধন সম্পন্ন করেন।
বিজিবি-২ টেকনাফের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সৈনিক লাইনসহ সেন্টমার্টিন বিওপি নির্মাণ করা হয়েছে। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, মনোবল সুসংহত করা এবং সামগ্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
টেকনাফ উপজেলা থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তা দায়িত্বে ছিল। পরে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার কৌশলগত গুরুত্ব বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল পুনরায় সেখানে বিজিবি মোতায়েন করা হয়। নতুন বিওপি উদ্বোধনের মাধ্যমে এখন সেন্টমার্টিনে বিজিবির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলো।
একই দিনে বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় নির্মিত নতুন সি-বিচ বিওপিরও উদ্বোধন করেন। আধুনিক নকশা ও প্রয়োজনীয় সুবিধাসহ নির্মিত এই বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানে কর্মরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।