ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন মাতাল অবস্থায় গ্রেপ্তার

বিতর্কে জড়ানোর ঘটনায় ভারতীয় ক্রিকেটারদের নাম নতুন নয়। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে আটক করেছে গুজরাটের বরোদা পুলিশ। মঙ্গলবার ভোররাতে বরোদার আকোটা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্যমতে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান মার্টিন। এতে রাস্তার পাশে পার্ক করে রাখা একাধিক গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সংশ্লিষ্ট গাড়িগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ধারণা করছে, ৫৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় তাকে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার আগে তিনি বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

জ্যাকব মার্টিন ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছিলেন। তিনি বরোদা রঞ্জি দলের অধিনায়ক ছিলেন এবং ঘরোয়া ক্রিকেটে একজন দক্ষ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন।

Leave a Comment