আজ শেষ ষোলো পর্বে জায়ান্টদের লক্ষ্য

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্সেনাল। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের পাশাপাশি ইউরোপের মঞ্চেও সমান দাপট দেখাচ্ছে মিকেল আর্তেতার দল। ধারাবাহিক সাফল্যের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে লন্ডনের এই ক্লাবটি। শিরোপা লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে বর্তমানে চার পয়েন্টে এগিয়ে আছে গানাররা।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে আর্সেনাল। লিগ পর্বের শেষ দিকে এসেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান আঁকড়ে ধরে রেখেছে তারা এবং এই অবস্থানেই লিগ পর্ব শেষ করার পথে রয়েছে দলটি।

লিগ পর্বে প্রতিটি দলের সামনে এখন মাত্র একটি করে ম্যাচ বাকি। ফলে আজ একই সময়ে মাঠে গড়াবে সব দলের শেষ ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে সব ম্যাচ। এরই মধ্যে শেষ ষোলো পর্বের টিকিট নিশ্চিত করেছে আর্সেনাল। নকআউট পর্বে তাদের সঙ্গী হয়েছে বায়ার্ন মিউনিখও।

সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। আজ শেষ ম্যাচে হারলেও দ্বিতীয় স্থানে নেমে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাদের। বায়ার্ন জয় পেলেও পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানেই থাকবে ইংলিশ ক্লাবটি।

তাত্ত্বিকভাবে বায়ার্নের শীর্ষে ওঠার সম্ভাবনা থাকলেও সেটি বাস্তবে প্রায় অসম্ভব। এজন্য তাদের ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে বড় ব্যবধানে হারাতে হবে। একই সঙ্গে আর্সেনালকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে কাজাখস্তানের ক্লাব কাইরাতের কাছে হারতে হবে—যা বাস্তবতার বিচারে কল্পনাতীতই বলা যায়।

এই পরিস্থিতিতে আর্সেনাল ও বায়ার্ন দুদলই অনেকটাই নিশ্চিন্ত। কারণ ইতোমধ্যেই তারা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্ব নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও টটেনহ্যামের ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও তাদের জন্য পরিস্থিতি খুব একটা হতাশাজনক নয়। শেষ ম্যাচে সরাসরি শেষ ষোলোতে উঠতে না পারলেও প্লে-অফ খেলার সুযোগ নিশ্চিত রয়েছে এই তিন ক্লাবের।

বেনফিকা, কারাবাগ ও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয় পেলে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সুযোগ এখনো আছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও টটেনহ্যামের সামনে।

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, চেলসি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্তা, ইন্টার মিলান, জুভেন্টাস, স্পোর্টিং সিপি ও নিউক্যাসল অন্তত প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ ষোলোতে কারা যাবে, তা নির্ধারিত হবে বরুশিয়া ডর্টমুন্ড-ইন্টার মিলান, বার্সেলোনা-কোপেনহেগেন, ম্যানচেস্টার সিটি-গ্যালাতাসারে, মোনাকো-জুভেন্টাস, নাপোলি-চেলসি এবং পিএসজি-নিউক্যাসল ম্যাচের ফলাফলের ওপর।

Leave a Comment