মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক হ্রাসের বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সম্মেলনে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)-এ বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। চলতি সপ্তাহের শেষ ভাগে অথবা আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে বর্তমানে যে ২০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে, তা কতটা কমানো হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
তিনি আরও জানান, দাভোসে অনুষ্ঠিত সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য স্কট বেসেন্টের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ দূত বলেন, যুক্তরাষ্ট্রের নন-ট্যারিফ নীতির অনেক দিক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে কমে আসাও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ক্ষেত্রে বাণিজ্যিক বাধা শিথিল করতে উৎসাহিত করছে।