জামায়াত নেতা বহিষ্কার শিক্ষক সমিতি থেকে

বরগুনার সাবেক জামায়াত নেতা শামীম আহসানকে বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন একই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির। এর আগে মঙ্গলবার তাকে বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং সদস্য (রুকন) পদ থেকেও সরানো হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি, পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কবির ও সদস্য সচিব হাবিবুর রহমান এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কার বিষয়টি ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারে বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় শামীম আহসান ডাকসু বিষয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও বেফাঁস মন্তব্য করেন। এই ধরনের বক্তব্য শিক্ষক আদর্শ এবং শিক্ষক সংগঠনের নীতির পরিপন্থী হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় তাকে উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করার।

Leave a Comment