ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবদলের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাহবুব হাসান (সজীব), তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাসভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী-মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে দ্রুত সন্দেহভাজনকে আটক করে তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।