মির্জা আব্বাসের উদ্দেশ্যে কী বললেন হাসনাত আবদুল্লাহ?

দেড় বছর আগেও বিএনপির নেতা মির্জা আব্বাস বোরকা পরেই আদালতে হাজিরা দিতেন—এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর শাকতলা এলাকায় অনুষ্ঠিত এনসিপির এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির এক নেতা দাবি করেছেন, তারা নারীদের ছায়া বা বোরকা তুলে দেবে। অথচ সেই দলেরই নেতা মির্জা আব্বাস দেড় বছর আগেও বোরকা পরে আদালতে হাজির হতেন। তিনি আরও বলেন, এখনো দেড় বছর পূর্ণ হয়নি, অথচ তাদের আচরণে চরম দম্ভ দেখা যাচ্ছে। বর্তমানে ডাক দিলে লোকের অভাব হয় না, বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ‘জুলাইযোদ্ধা’ আবু বকরকে পাশে দাঁড় করিয়ে বলেন, আবু বকরের মতো জুলাইযোদ্ধারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের হারানো বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছেন। অথচ তাদের খোঁজখবর নেওয়ার বিষয়টি কেউ গুরুত্ব দিয়ে দেখেনি। তিনি অভিযোগ করেন, আবু বকরসহ যেসব আন্দোলনকারী বাকশক্তি হারিয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও এখন আর কারও মুখে কথা শোনা যায় না।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যে পরিবর্তনের দাবিতে আবু বকররা রাজপথে নেমেছিলেন এবং যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কারণে জুলাই শহীদ মাইনুদ্দিনরা জীবন দিয়েছেন—সেসব বিষয় নিয়েও এখন নীরবতা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এই নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব বক্তব্য দেন।

Leave a Comment