সকলকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জনাব তারেক রহমান

বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতে সবাই একসঙ্গে ম্যাডামের জন্য কাজ করেছেন, এখন তিনি নিজে দায়িত্ব নিয়ে মাঠে আছেন। তাই সবাইকে আগের মতোই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। শুধু ভোট চাওয়াই যথেষ্ট নয়, বিশেষ করে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের তুলনায় আরও বেশি পরিশ্রম করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম।

এ সময় উপস্থিত ছিলেন ভিপি সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আলী আসগর তালুকদার হেনাসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শুরুর আগে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

মতবিনিময় সভা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীদের পথসভার প্রস্তুতি নিতে দেখা যায়। পরে তিনি শেরপুর জেলার ধুনট মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Leave a Comment