জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গত ৫৪ বছর ধরে একটি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে এবং প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে। তার দাবি, আসন্ন নির্বাচনেও একই ধরনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা নয়; এটি জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিক অংশ। অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ যে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটিকে কেউ কেউ সাধারণ ঘটনা হিসেবে দেখলেও তা সঠিক নয়। তিনি বলেন, যারা এটিকে গত ১৭ বছরের স্বাভাবিক ফল বলে মনে করছে, তারা মূলত জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করছে।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। বাংলাদেশে কোন দল রাষ্ট্রক্ষমতায় যাবে, সেই সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণই। কোনো বিদেশি শক্তি যদি হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তা প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ানোর প্রস্তুতির কথাও জানান তিনি।
জনগণের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করলে তারা দেশের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে কাজ করবে। তিনি বলেন, শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শহীদ ওসমান হাদী হত্যার বিচারও সম্পন্ন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া তিনি সংস্কার কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আধিপত্যবাদের বিরোধিতা এবং ইনসাফভিত্তিক, সাম্য ও ন্যায়বিচারপূর্ণ মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

