মার্কিন যুদ্ধজাহাজ ইসরাইলের বন্দরে

ইরানকে ঘিরে ওয়াশিংটনের কড়া অবস্থানের মধ্যেই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এইলাতে নোঙর করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। ইসরাইলি গণমাধ্যমগুলোর মতে, তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই এই সামরিক মোতায়েন করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের গুরুত্বপূর্ণ এই বন্দরে যুদ্ধজাহাজটির উপস্থিতি ছিল পূর্বনির্ধারিত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক সহযোগিতার ধারাবাহিক অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই মোতায়েন এমন এক সময়ে হয়েছে, যখন ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চাপ আরও জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে সম্মত না হয় বা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করে, তাহলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং আরও তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধের হুমকি দিলেও ইরানি জাতি এতে ভয় পায় না। ইরান কখনো আগ্রাসন শুরু করে না, তবে আক্রমণ হলে শক্ত জবাব দেওয়া হবে। তাঁর সতর্কবার্তা অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তাহলে তা আর সীমিত থাকবে না এবং সেটি একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

এর মধ্যেই রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে। তবে তেহরানের এমন কঠোর অবস্থানের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে।

Leave a Comment