আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ নওগাঁয় নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের কেন্দ্রস্থল এটিম মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সমাবেশে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে জোট মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করবেন জামায়াতের আমির। জনসভা শেষে একই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায় পৃথক তিনটি জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।
নওগাঁয় জনসভাকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে জড়ো হতে শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে স্থানীয়দের প্রত্যাশা, জনসভায় ডা. শফিকুর রহমান নওগাঁ অঞ্চলের মৌলিক সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশ্বাস দেবেন।