মিডিয়ায় পথ চলা এখানেই শেষ – অভিনেত্রী নওবা তাহিয়া

বর্তমান সময়ে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া হোসাইন। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন নওবা তাহিয়া।

ফেসবুকে দেওয়া বার্তায় তিনি জানান, মিডিয়ায় চার বছরের পথচলা শেষে তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টাকে তিনি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, এই অভিজ্ঞতার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় নওবা তাহিয়া লেখেন, বর্তমানে তিনি আত্মিক চর্চা, আত্মউন্নয়ন ও শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। যাদের সান্নিধ্যে তিনি মানসিক প্রশান্তি খুঁজে পান, তাদের সঙ্গেই সময় কাটাতে চান। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিকে অগ্রাধিকার দেওয়াই এই মুহূর্তে তার কাছে সবচেয়ে সঠিক মনে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যতে নাটক, টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মে নতুন কোনো কাজে তাকে আর দেখা যাবে না। অতীতে করা কিছু কাজ সামনে প্রকাশ পেলেও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

সবশেষে নওবা তাহিয়া তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা তিনি হৃদয়ের গভীর থেকে সম্মান করেন।

উল্লেখ্য, নওবা তাহিয়া হোসাইন ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের শিশুতোষ অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি আবৃত্তিচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে বড় বয়সে এসে একই অনুষ্ঠানে আবার উপস্থাপনার সুযোগ পান তিনি।

তার সাবলীল ও শৈল্পিক উপস্থাপনা নজরে আসার পর বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ অভিনয়ের সুযোগ পান নওবা তাহিয়া। নাটকটিতে ‘বর্ষা’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা অর্জন করেন এবং সেটিই ছিল তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

Leave a Comment