ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের চারশত গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এই নির্দেশনা ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সব জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
তবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন বলে জানানো হয়েছে।