ইরানে গত জানুয়ারিতে সংঘটিত সরকারবিরোধী আন্দোলনের সময় দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
ইরানি গণমাধ্যমের তথ্যমতে, রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন দেশটির পরিচিত সংস্কারপন্থি রাজনৈতিক নেতা।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—ইরান সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য এব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, বিচার বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সংগঠিত ও নেতৃত্বমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনেছে।
এদিকে ইরান রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগীয় নির্দেশের ভিত্তিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখা আজার মানসুরিকে তার বাসভবনের সামনে থেকে আটক করে।
এ ছাড়া রিফর্ম ফ্রন্টের কো-চেয়ারম্যান মোহসেন আরমিন, সেক্রেটারি বদরাল সাদাত মোফিদিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আইআরজিসির পক্ষ থেকে তলব করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানে সংঘটিত বিক্ষোভে বহু মানুষের প্রাণহানির পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষাপটে এই গ্রেফতারের ঘটনা ঘটল।