ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন আনসার বাহিনীর মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব নির্দেশনা দেন।
তিনি বলেন, কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কোনো অবস্থাতেই দায়িত্ব ত্যাগ করা যাবে না।
মহাপরিচালক জানান, আসন্ন নির্বাচনে সারা দেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ঢাকায় দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ ২৭ হাজার ৭০৩ জন। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন করে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য দায়িত্বে থাকবেন।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো উসকানি বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা এবং প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সমাবেশে আনসার মহাপরিচালক দেশের জনগণকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment