গেজেটে প্রকাশ করা হলো গণভোটের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬ জন। বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ এবং মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণের প্রস্তুতি থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল জানানো হয়। সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে এখন ওই ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Leave a Comment