নির্বাচনের ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকার ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি বলেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান এখনো অপরিবর্তিত। সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, গত কয়েক মাসে অনেকে সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। গণতান্ত্রিক অধিকার চর্চার পথে কেউ কেউ ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের এই ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফল নিয়ে অনেকেই হতাশ হতে পারেন, যা স্বাভাবিক। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে দলটি সংসদে নিজেদের উপস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে দাবি করেন তিনি।
রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতার কথা তুলে ধরে তিনি উদাহরণ দেন যে, অতীতে একটি বড় দল কম আসনে নেমে গিয়েও পরবর্তী সময়ে সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের যাত্রা— এমন মন্তব্য করে তিনি বলেন, এখন লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।
তিনি আরও লেখেন, তাদের রাজনৈতিক কার্যক্রম শুধু একটি নির্বাচনকে ঘিরে নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার, নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে। নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে তারা সংসদে ভূমিকা রাখবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান তিনি।
সবশেষে শান্তিপূর্ণ ও নীতিভিত্তিক রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন শফিকুর রহমান।