নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার নেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
মার্কো রুবিও আরও বলেন, নবনির্বাচিত সরকারের সঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী।
এর আগে শুক্রবার সকালে মার্কিন দূতাবাসও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায়। পোস্টে বলা হয়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।”
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিশ্ব রাজনীতিতে বিভিন্ন নেতা এবং রাষ্ট্রপ্রধানও শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

Leave a Comment