ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। একই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল জনসমর্থন পেয়েছে, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংবিধানিক প্রক্রিয়ার জন্য তাৎপর্যপূর্ণ। জনগণের এ রায়কে তিনি গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দেশকে স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নেবেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আদর্শ ও নেতৃত্বের কথাও স্মরণ করেন এবং তা ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা—এসব ক্ষেত্রে সুপরিকল্পিত নেতৃত্ব প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্যও তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, সংবেদনশীল রাজনৈতিক সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ।
শুভেচ্ছা বার্তার শেষে দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সফলতা কামনা করা হয় এবং দেশ ও জাতির সেবায় তার প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করা হয়।