সুনীল শেঠি ৪০ কোটি রুপির প্রস্তাব ‍পেয়েও ফিরিয়ে দেওয়ার কারণ কি? ভূমিকা টিভি

বলিউডে তামাক ও পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন নয়। সময়ের পরিক্রমায় বহু জনপ্রিয় তারকাকেই এ ধরনের পণ্যের প্রচারে অংশ নিতে দেখা গেছে, যা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে চলচ্চিত্র অঙ্গন। তবে এই প্রবণতার বিপরীতে গিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের জন্য তাকে প্রায় ৪০ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিপুল অঙ্কের অর্থের চেয়েও নিজের নৈতিকতা, স্বাস্থ্য এবং সন্তানদের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সে কারণেই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন এই বলিউড তারকা। এ বিষয়ে সুনীল শেঠি বলেন, “আমার শরীরই আমাকে এই পরিচয় দিয়েছে, আমাকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করেছে। যদি আমি নিজের স্বাস্থ্যের প্রতি সম্মান না দেখাই, তাহলে সেটা নিজের সঙ্গেই অন্যায় করা হবে। হয়তো আজ আমি আগের মতো বক্স অফিসের কেন্দ্রে নেই, কিন্তু তরুণ প্রজন্ম এখনও আমাকে সম্মান করে। এমন কিছু আমি করতে পারি না, যা আমার সন্তান আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, এই সিদ্ধান্তের পর আর কোনো সংস্থাই তাকে তামাক বা ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়ার সাহস করেনি। সুনীল শেঠির এই অবস্থান বলিউডে দায়িত্বশীল তারকাদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।

Leave a Comment