বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে লে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতেই হবে।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান জানান, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে—মানুষের নিরাপত্তা এবং দুর্নীতি দমন।

তিনি বলেন, একটি রাষ্ট্রে যদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়। বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালে দলীয় পরিচয় নির্বিশেষে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি। আগামী দিনেও জনগণের সমর্থন পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে আশ্বাস দেন।

দুর্নীতির প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতে বিএনপি সরকার প্রমাণ করেছে যে, দুর্নীতি নিয়ন্ত্রণ করা তাদের পক্ষেই সম্ভব। তিনি অভিযোগ করেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতাসীন সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছিল। পরবর্তীতে বিএনপি দায়িত্ব গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। দুর্নীতিতে জড়িত ব্যক্তির পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের কাছে সবাই সমান—এ নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ধরে খর্ব হওয়া মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের চেষ্টা হয়েছে।

Leave a Comment