নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের আগেই গোল দিয়ে দিয়েছে : অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষতা হারিয়েছে—এমন অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন শুরুর আগেই কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তার প্রশ্ন, এ অবস্থায় কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি দাবি করেন, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের প্রধান দায়িত্ব ছিল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। কিন্তু বর্তমান নির্বাচনে কমিশন সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে নজিরবিহীন অনিয়মের পথে হেঁটেছে বলে তিনি মন্তব্য করেন।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগেই কালোবাজারি, জুয়া ও ঋণখেলাপির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৫০ জন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক এবার মনোনয়ন পেয়েছেন, যা কমিশনের বড় ধরনের অনিয়মের উদাহরণ।

Leave a Comment