বিকাশ নম্বর নিয়ে ভোট কেনার চেষ্টা করছে: অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক

ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ভোট কেনার উদ্দেশ্যে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মিরপুরের শহীদ আবুতালেব উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণার সময় তিনি এই অভিযোগ তোলেন।

আমিনুল হক বলেন, “আমার নির্বাচনী এলাকায় সাধারণভাবে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। তবে কিছু দল বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষদের প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং ভোট কেনার চেষ্টা করছে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অবহিত করেছি।”

তিনি আশা প্রকাশ করেন, এসব অনিয়মের প্রতিকার জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ব্যালটের মাধ্যমে দেবে।

তফসিল অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Leave a Comment