বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে টানা তিন দিনের নির্বাচনি প্রচার কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। এই কর্মসূচির প্রথম দিন আজ তিনি রাজশাহী সফর করবেন।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর একই দিন বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে আরও দুটি নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
তিন দিনের সফরসূচির অংশ হিসেবে ৩০ জানুয়ারি বিকেলে তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। পরদিন ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্ক এলাকায় এবং বিকেলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় পৃথক নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে এই সফরকালে বিএনপি চেয়ারম্যান দুই রাত বগুড়ার হোটেল নাজে অবস্থান করবেন।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। পরবর্তী সময়ে তিনি ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। এ পর্যন্ত তিনি মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন। সামনে আরও দুটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তার।