নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে এই সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে অপরাধ, সহিংসতা, সন্ত্রাসী কার্যক্রম, সামাজিক অস্থিরতা ও অপহরণের ঝুঁকি থাকায় দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এসব কারণে পাকিস্তানকে লেভেল–৩ বা ‘ভ্রমণের আগে পুনর্বিবেচনা করুন’ তালিকায় রাখা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই সতর্কতার আওতায় সন্ত্রাসী হামলার সম্ভাবনা থাকে, যা কোনো পূর্বঘোষণা ছাড়াই ঘটতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা বলা হয়েছে।
এ ছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি অঞ্চলকে লেভেল–৪ বা ‘ভ্রমণ সম্পূর্ণভাবে পরিহার করুন’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় কোনো অবস্থাতেই ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।
সতর্কবার্তায় বলা হয়, ওইসব এলাকায় হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, যেখানে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ উভয়ই লক্ষ্যবস্তু হয়ে থাকেন। এই নির্দেশনা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, পাকিস্তানে অনুমোদন ছাড়া বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। অতীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কয়েকজন মার্কিন নাগরিক আটক হওয়ার ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, লেভেল–৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয় এবং ভ্রমণের পরিকল্পনা নতুন করে ভাবার পরামর্শ দেয়। আর লেভেল–৪ হলো সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।