জায়মা রহমান তরুণদের চায়ের আড্ডায়

তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় দেশের নানা সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। তিনি তরুণ শিক্ষার্থীদের কাছে জানতে চান—ভবিষ্যতের ঢাকা ও বাংলাদেশকে তারা কেমন রূপে দেখতে চায়। একই সঙ্গে বাসযোগ্য রাজধানী গড়ার বিষয়ে তরুণদের প্রত্যাশার কথাও উঠে আসে আলোচনায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই আড্ডায় অংশ নেন তিনি।

আলোচনার একপর্যায়ে নগর পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জায়মা রহমান। সড়ক নিরাপত্তার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগানো, মেধাপাচার রোধ এবং কর্মসংস্থানের নিরাপত্তার মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া নিরাপদ কর্মপরিবেশ, যুক্তিসংগত কর্মঘণ্টা, পর্যাপ্ত অবসর এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন জায়মা রহমান।

Leave a Comment