আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা মৃদু ভূমিকম্প হিসেবে ধরা হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া অঞ্চলে। ভূমিকম্পটির অবস্থান নির্ধারণ করা হয়েছে ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। তবে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

ভোররাতে হওয়া এই ভূমিকম্পে সাতক্ষীরা ও খুলনার কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment