আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং ঘোষিত মানবাধিকার সংস্কার কার্যকর করতে চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার—এমন মূল্যায়ন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির সদ্য প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে আলোচিত গুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক গ্রেফতারের ঘটনা অব্যাহত রয়েছে। বিচার প্রক্রিয়া শেষ না করেই বহু মানুষ কারাবন্দি রয়েছেন, এমনকি অনেক ক্ষেত্রে জামিন আবেদনও গ্রহণ করা হচ্ছে না।
এইচআরডব্লিউ জানায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু রাজনীতিক নয়, রয়েছেন অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতাঙ্গনের মানুষও। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে হাজার হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মব সহিংসতার আশঙ্কাজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ২০২৪ সালের জুন থেকে পরবর্তী বছরের আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত এসব সহিংসতায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে সংস্থাটি।
এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থীর আগমন এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাসের ফলে দেশের সামগ্রিক মানবিক পরিস্থিতির অবনতির চিত্রও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।