প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময়সীমা শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রচারের সময়সীমা শেষ হয়। এর আগে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছিল।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ করার নিয়ম রয়েছে। সে অনুযায়ী নির্ধারিত সময়েই প্রচার শেষ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে প্রচার শুরু করতে পারবেন না। একইভাবে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগেই প্রচার কার্যক্রম শেষ করতে হবে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী।

Leave a Comment