বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ তুলে ধরে।
তাদের বক্তব্যে উল্লেখ করা হয়, এই নির্বাচন গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। পর্যবেক্ষক দলের চূড়ান্ত প্রতিবেদন চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। এছাড়া সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নতুন সংসদের কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে তারা আশা প্রকাশ করেন।
ইউরোপীয় ইউনিয়ন আরও জানায়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক জোরদারের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসন বজায় রেখে সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।