জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যানকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান।
স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই তথ্য জানান। খবর অনুযায়ী, উষ্ণ ও আন্তরিক ফোনালাপে দুই নেতা প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র স্মৃতি ও অবদানের কথা স্মরণ করেন। এছাড়া তারা দুই দেশের জনগণকে আরও কাছে আনার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান এবং উল্লেখ করেন যে, এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।
শেহবাজ শরিফ উভয় দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য দুই দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণের পাশাপাশি শেহবাজ শরিফকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান। উভয় নেতা ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।