দীর্ঘ ২২ বছর পর খুলনা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীদের সোমবার ভোর থেকেই মাঠের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায় । সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি ক্রমশ্র বাড়তে থাকে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে কর্মী-সমর্থকেরা বিভিন্ন যানবাহনে করে সমাবেশস্থলে পৌঁছান।
দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। এ সময় তিন জেলার মোট ১৪ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি।
এ ছাড়া দক্ষিণাঞ্চলের নানা সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে আশা করছেন দলের নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী সমাবেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে আনুমানিক আট লাখ মানুষের উপস্থিতি হতে পারে। সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয়, শৃঙ্খলা, আবাসন, মিডিয়া ও নিরাপত্তাসহ ছয়টি উপ-কমিটি একযোগে কাজ করছে।

