ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হবে।
আগামী মঙ্গলবার থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভাষা আন্দোলনের চেতনা ও বাংলা চলচ্চিত্রের স্মৃতি ও সুরকে একসূত্রে গেঁথে আমরা নিয়ে আসছি দেশের সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব—‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। বছরের সেরা চলচ্চিত্রগুলো একই ছাদের নিচে দেখার সুযোগ মিলবে এই উৎসবে।”
উৎসবে প্রদর্শিত হবে গত বছরের মুক্তিপ্রাপ্ত সিনেমা যেমন— তাণ্ডব, চক্কর ৩০২, উৎসব, অন্যদিন, নীলচক্র, এশা মার্ডার, জয়া এবং শারমিন। এছাড়া তালিকায় রয়েছে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, দ্য একাডেমি অব ফাইন আর্টসসহ আরও অনেক পুরনো সিনেমা যেমন— দেয়া নেয়া, সূর্যকন্যা, রূপবান, মেঘের অনেক রঙ, বেদের মেয়ে জ্যোৎস্না, হারমোনিয়াম, মুক্তির গান, নয়নের আলো, ধর এবং লাস্ট ঠাকুর।
