মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম “টুেইটার”-এ নিজের অ্যাকাউন্ট থেকে গ্রিনল্যান্ডকে মার্কিন অঞ্চল দাবি করে একটি ছবি পোস্ট করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, গ্রিনল্যান্ডের মাটিতে হাতে আমেরিকার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির সামনে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘গ্রিনল্যান্ড: মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত ২০২৬’।
ছবিটিতে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে।
এর আগে তিনি আরও একটি ছবি শেয়ার করেন, যা ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। ওই সময় ইউরোপীয় নেতারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপকে কেন্দ্র করে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। সম্পাদিত ছবিটিতে উপস্থাপনা বোর্ড এমনভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডকে একটি মার্কিন পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে। মূল ছবিটি ইউক্রেন সংঘাতের সম্মুখসারিকে উপস্থাপন করেছিল।
উল্লেখ্য, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সরাসরি দখল বা কিনে নেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন’—এই দাবি তুলে এমন ছবি পোস্টের মাধ্যমে নিজের অবস্থানের ওপর আরও জোর দিলেন তিনি।



