যুক্তরাষ্ট্র-রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক

ইউক্রেন–রাশিয়া যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আলোচনায় অংশ নিয়েছেন রাশিয়ার প্রতিনিধিরা। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রভ।

বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কিরিল দিমিত্রভ জানান, আলোচনা উপলক্ষে তিনি মিয়ামিতে অবস্থান করছেন। তবে ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কোন কোন প্রতিনিধি অংশ নিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছিলেন দিমিত্রভ। পাশাপাশি গত ডিসেম্বরেও তিনি মায়ামি সফরে এসে ইউক্রেন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে গত সপ্তাহের শুক্র ও শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে ইঙ্গিত দেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার কারণে আবুধাবির আলোচনা পিছিয়ে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যেই রোববার থেকে সেখানে দ্বিতীয় দফার আলোচনা শুরুর কথা ছিল।

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা নিয়ে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের আবুধাবি বৈঠকের ঠিক একদিন আগেই ফ্লোরিডায় এই আলোচনা অনুষ্ঠিত হলো।

ওয়াশিংটনের দাবি, উভয় পক্ষই একটি সমঝোতার কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। তবে যুদ্ধ-পরবর্তী নিষ্পত্তির ক্ষেত্রে ভূখণ্ড সংক্রান্ত মূল ইস্যুতে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে কিয়েভ।

Leave a Comment