হঠাৎ কেঁপে উঠল কাশ্মীর

আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮।

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকলেও কম্পন অনুভব করার পর অনেকে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বের হন। একই সময়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও মৃদু কম্পন লক্ষ্য করা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, জম্মু-কাশ্মীরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুদগাম জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, যেখানে অক্ষাংশ ৩৩.৯ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৭৬ ডিগ্রি পূর্ব।

কেন্দ্রস্থল থেকে চরার-ই-শরিফের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে, পুলওয়ামা ১৩ কিলোমিটার পূর্বে এবং রাজধানী শ্রীনগর প্রায় ২১ কিলোমিটার দূরে। শোপিয়ান ও আশপাশের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে বলা হয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment