ইউরোপ ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পরাজিত করতে পারে নি : দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপ ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পরাজিত করার লক্ষ্যে যে প্রচেষ্টা চালিয়েছিল, তাতে তারা ব্যর্থ হয়েছে। তাঁর মতে, রাশিয়াকে কোণঠাসা করতে গিয়ে ইউরোপ নিজের অর্থনীতিকেই বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ইউরোপের অবস্থান তাকে বিস্মিত করেছে। তাঁর ভাষায়, ইউরোপ নিজেরাই তাদের অস্তিত্বের ভিত্তিকে দুর্বল করছে, যা সত্যিই অবাক করার মতো।

তিনি আরও বলেন, ইউরোপীয় শক্তিগুলো রাশিয়ার ওপর তথাকথিত ‘কৌশলগত পরাজয়’ চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এছাড়া মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি অনুসন্ধানকারী একজন নেতা হিসেবে আখ্যা দেন। ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক না নেতিবাচক—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং মস্কো সেই গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান জানায়।

Leave a Comment